শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার
- আপডেট: ০৬:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ৭৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় নিখোঁজের একদিন পর খায়রুল ইসলাম (৩৬) নামের এক যুবকের লাশ বিল থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে শার্শা থানার জেলেপাড়া-ছোট মান্দারতলা (পাপড়াতলা) সড়কের পাশের একটি বিলে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত খায়রুল ইসলাম বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে তিনি চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন শুক্রবার দুপুর ২টার দিকে ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম রবিউল ইসলাম জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে নিহতের পরিবারের দাবি, খায়রুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















