শার্শায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ১০:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১৯৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার রওনক জাহান নির্দেশনায় ও শার্শা থানার অফিসার ইনচার্জ কে.এম রবিউল ইসলামের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) দুপুর ২টা ১০ মিনিটের দিকে শার্শা থানার শিকারপুর বাজারে অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেন এসআই শেখ আশরাফুল আলম, এএসআই মো. সিলন আলী এবং এএসআই পুলক কুমার কুন্ডু সহ সঙ্গীয় ফোর্স। তারা গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর বাজার মসজিদের পেছনের এলাকা ঘিরে ফেলেন এবং সেখান থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জহিরুল ইসলাম কলম (৪৭)। তিনি শার্শা উপজেলার শিকারপুর (মেঠোপাড়া) এলাকার মো. আবু হানিফ বিশ্বাস ও মোমেনা বিশ্বাসের ছেলে।
আসামির বিরুদ্ধে শার্শা থানায় মামলা নম্বর-১৫, তারিখ-২১/০৮/২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
শার্শা থানার ওসি কে.এম রবিউল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। কাউকে ছাড় দেওয়া হবে না।”
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।




















