শার্শার গোগা সীমান্তে অবৈধ প্রবেশের চেষ্টা : পাচারকারীসহ ৮ বাংলাদেশী আটক
- আপডেট: ১০:৪০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৬৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাচারকারীসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট-২০২৫) রাতে সীমান্তের সালামের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—ফাহিমা খাতুন (২২), মমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), সুবাশ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) এবং পাচারকারী হাবিবুর রহমান (৩৩)। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় নজরদারি বাড়ায়।
তিনি বলেন, পাচারকারী হাবিবুর রহমান নিজস্ব অটোরিকশায় করে সাত বাংলাদেশিকে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন। টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে সবাইকে আটক করে।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা কোনো বৈধ কাগজপত্র বা পাসপোর্ট ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
বিজিবি জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নিতে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
লে. কর্নেল খুরশীদ আনোয়ার বলেন, “সীমান্তে মানবপাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।”
উল্লেখ্য, গোগা সীমান্ত পথটি বহুদিন ধরেই মানব পাচারকারীদের জন্য সক্রিয় রুট হিসেবে পরিচিত। এ ধরনের তৎপরতা ঠেকাতে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।




















