যশোর রাজারহাটে বিজিবি’র অভিযানে প্রায় কোটি টাকার ৫টি স্বর্ণের বার জব্দ, আটক-১
- আপডেট: ০৭:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ৬৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬৬৩ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল এসব স্বর্ণের বার।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে কলারোয়া হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তার। ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সে স্বর্ণগুলো সংগ্রহ করে।
আটক মো. আফছার আলী (৪৫) পিতা- আনোয়ার হোসেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার জিকরা গ্রামের বাসিন্দা।
উদ্ধারকৃত পাঁচটি স্বর্ণের বারের মোট ওজন ৬৬৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৫৪ হাজার ৫৬ টাকা। এছাড়াও তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন (মূল্য ১৬ হাজার টাকা) এবং নগদ ৬,৯১২ টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে সিজারের মোট মূল্য দাঁড়ায় প্রায় ৯৭ লাখ ৭৬ হাজার ৯৬৮ টাকা।
আটক আফছার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার জমা দেওয়া হয়েছে যশোর ট্রেজারিতে।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “সীমান্তে মাদক, স্বর্ণ, অস্ত্র, হুন্ডি ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”




















