এনবিআরে ১১ কাস্টমস কর্মকর্তার নতুন দায়িত্ব : বেনাপোল কাস্টমস হাউসের নতুন কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন
- আপডেট: ১২:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১০৫

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেনাপোলসহ দেশের বিভিন্ন কাস্টমস হাউজের ১১জন কমিশনারকে একযোগে বদলি করেছে। এনবিআরের এই বদলি মূলত জাতীয় বাজেট অনুমোদনের পর বিভিন্ন কাস্টমস হাউজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ক্ষেত্রে নিয়মিত রুটিন বদলির অংশ হিসেবে করা হয়।
এছাড়া, এই বদলির মধ্যে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. কামরুজ্জামানকে বদলি করা হলেও তাকে কোন নতুন দায়িত্ব দেওয়া হয়নি। একইভাবে রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারের পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
প্রজ্ঞাপনে ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার, রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আবদুল হাকিমকে পানগাঁও কাস্টমস হাউজে, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের প্রকল্প পরিচালক (কমিশনার) জুয়েল আহমেদকে এ দায়িত্বের পাশাপাশি ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার, চট্রগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির কমিশনার এ, কে, এম নুরুল হুদা আজাদকে ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার (চ.দা) মো. মাহফুজুল হক ভূঞাকে চট্রগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার, ঢাকা-২ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার (চ.দা) খন্দকার নাজমুল হককে তার দায়িত্বের পাশাপাশ জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন কর্মকর্তার মধ্যে রদবদল ইতোমধ্যে শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই আরও কিছু বদলির সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ বছর এই বদলি একটু ভিন্ন হতে পারে, কারণ এনবিআরের বিরুদ্ধে কিছু কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনাও ঘটেছে। জানা গেছে, এনবিআরের বিরুদ্ধে আন্দোলন, বদলীর আদেশ ছিঁড়ে ফেলা, শাট ডাউন এবং চেয়ারম্যানের অপসারণ আন্দোলনে কিছু কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর অথবা সাময়িক বরখাস্ত করা হয়েছে, এবং দুদকও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।
এছাড়া, এনবিআরের চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে বিরোধের কারণে গত কয়েক মাসে বিভিন্ন কাস্টমস হাউজে অস্থিরতা তৈরি হয়েছে এবং আন্দোলনও প্রবল হয়েছিল।
এখন পর্যন্ত বদলির পরবর্তী পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তির বিষয়ে আরো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

























