হাসিনার দোসররা লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে: নার্গিস বেগম
- আপডেট: ১১:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৮৭

যশোর অফিস : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশকে আবারও অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যে কারণে দেশে হত্যা খুন ধর্ষণ বেড়ে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ করে আছেন, তারা কাঙ্ক্ষিত ভূমিকা পালন করছেন না।
মঙ্গলবার (৮ জুলাই) যশোর নগর মহিলা দলের ৪ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ লাইন টালিখোলা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে লুৎফুন্নাহার লাবনীর সভাপতিত্বে এবং নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্নার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে
অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নারীরা সমাজ বদলের হাতিয়ার। বেগম খালেদা জিয়া একজন নারী হয়ে তার যথার্থ প্রমাণ দিয়েছেন। তিনি দীর্ঘ নয় বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেই লড়াইয়ে দেশের মানুষ তাকে অকুণ্ঠ সমর্থন দেয়। যে কারণে তিনি স্বৈরাচার এরশাদকে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত জনবান্ধব কর্মসূচি সম্পন্ন করেন। তিনিই দেশে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন যা কেউই ভাবেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনাবিরোধী আন্দোলনেও বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন, নির্বাচিত নয়। এই সরকারের মেয়াদ থাকে তিন মাস। তাদের মৌলিক পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। বিএনপি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায়, যে কারণে নির্বাচন দাবি করছে। আমাদের মনে রাখতে আওয়ামী লীগের প্রতি দরদ দেখানোর কোনো সুযোগ নেই। তাদের সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্ক রাখা যাবে না। অতীতে তারা সমাজবিরোধী যে কর্মকাণ্ড করেছে, লুকিয়ে থেকেও তা করার অপচেষ্টা চালাচ্ছে। এ থেকে আমাদের সব সময় চোখ কান খোলা রাখতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আলী হোসেন মদন, বিএনপি নেতা আকবর হোসেন খোকন প্রমুখ।





















