যশোর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গাঁজা ও ধুতি-সহ আটক-২
- আপডেট: ১২:০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে দুই আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় ভারতীয় গাঁজাসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৭ হাজার ৭৮০ টাকা।
মঙ্গলবার (২৩ জুন-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের সদস্যরা সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ১৮টি শাড়ি, ৫টি থ্রি-পিস, ১টি কম্বল, ৯টি তৈরি পোশাক, ৬৪টি ভারতীয় ধুতি, ২ কেজি জিরা, ১২ প্যাকেট ফুসকা, ২টি মোবাইল ফোন, ৫৬টি চকলেট এবং ৩০৭টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
এছাড়া ঘিবা বিওপির সদস্যরা পৃথক অভিযানে ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। এ ঘটনায় যশোরের ঝিকরগাছা থানার বোধখানা গ্রামের জনাব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)কে আটক করা হয়। পরে তাকে গাঁজাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, ৬৪ পিস ভারতীয় ধুতিসহ রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা পোস্ট অফিস মোড় এলাকার অমল কৃষ্ণ দাসের ছেলে অনিরুদ্ধ দাস অনি (৩৫)কে আটক করা হয়। তাকে মামলার আলামতসহ যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”























