বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে ট্রাকসহ পঁচাশি লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ, আটক-১
- আপডেট: ০৮:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ১৭৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ পঁচাশি লক্ষ ষাট হাজার সাতশত টাকা মূল্যের পিপি পলিথিন, ট্রাক, ভারতীয় ফেন্সিডিল, কীটনাশক, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন বিজিবি।
শনিবার ১৫ মার্চ বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, কাশিপুর, আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পিপি পলিথিন, ট্রাক, ভারতীয় ফেন্সিডিল, কীটনাশক, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৮৫,৬০,৭০০/-(পঁচাশি লক্ষ ষাট হাজার সাতশত) টাকা।
আটককৃত আসামি যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ রেহান (২৯)। আটককৃত আসামিকে আইনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।





















