বেনাপোলে বিজিবির অভিযানে ১২ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ১১:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন অবৈধ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ মার্চ ২০২৬) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকার সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ভারতীয় বিভিন্ন পণ্যসহ মোট ১২ লাখ ১৪ হাজার ৮৮০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৮২টি ভারতীয় শাড়ি, ১৯টি সন পাপড়ী, ৪৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ১ হাজার ১৯৫টি চকলেট এবং ১ হাজার ২৭৬টি কসমেটিকস সামগ্রী।
আটককৃত মালামাল বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।





















