যশোরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার
- আপডেট: ১২:২৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৩২

নিজস্ব প্রতিবেদক: যশোর কোতোয়ালী মডেল থানার আরবপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
গ্রেফতারকৃতের নাম আলামিন ওরফে চোর আলামিন। তিনি যশোর জেলার কোতোয়ালী মডেল থানার আরবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণবাটি এলাকার বাসিন্দা।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে র্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল জানতে পারে যে, আলামিন তার বসতবাড়িতে অবৈধভাবে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন সংরক্ষণ করে রেখেছে। পরে সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কৃষ্ণবাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আলামিনকে গ্রেফতার করা হয়। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে জব্দ করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত আলামিনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধ দমনে র্যাব ফোর্সেস অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।


















