নানা নাটকীয়তার পর যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন
- আপডেট: ০৯:১৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ৭৭

নিজস্ব প্রতিবেদক: নানা নাটকীয়তা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, ‘দল থেকে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়নের চিঠি প্রদান করা হয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলীয় প্রতীক দেওয়া হবে।’
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, ‘দল থেকে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। দল প্রাথমিকভাবে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করতে পারে, তবে চূড়ান্ত প্রার্থী ঘোষণার বিষয়টি আগেই জানানো হয়েছিল। সেই অনুযায়ী আমাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ।’

উল্লেখ্য, যশোর-১ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও উত্তেজনা চলছিল। চূড়ান্ত ঘোষণার মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


















