যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
- আপডেট: ১০:২৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৫৭

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল জব্দ করেছে বিজিবি।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিজিবির ৪৯ ব্যাটালিয়নের হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে নেশাজাতীয় Wincerex Cough Syrupসহ শাড়ি, কম্বল, শাল-চাদর ও কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা।
বিজিবির যশোর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে ব্যাটালিয়ন উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক করা মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে অন্যান্য চোরাচালানি সামগ্রী যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















