বেনাপোল-পাঁচপীরতলা সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে উইনসারেক্স কফ সিরাপ ও বিদেশি মদ জব্দ
- আপডেট: ০৭:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল-পাঁচপীরতলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় কফ সিরাপ WINCEREX, বিদেশি মদ, শাড়ি, কম্বল ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) ৪৯ বিজিবির টহলদল পাঁচপীরতলা বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত মালামালের বাজারমূল্য প্রায় ১০ লাখ ১১ হাজার ৮০০ টাকা। জব্দকৃত WINCEREX কফ সিরাপটি মাদক ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। আমাদের গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিজিবির এই ধরনের নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, “আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে, অন্যান্য জব্দকৃত পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন সক্রিয়তা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।






















