ডিহিতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং বিএনপি নেতা সৈয়দ আলী বিশ্বাসের কবর জিয়ারত করল বিএনপি নেতৃবৃন্দ
- আপডেট: ০৯:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১০৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কবর জিয়ারত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেলে বিএনপির নেতারা কাশিপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মত্যাগ স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
এরপর, বিএনপির নেতারা ডিহি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব সৈয়দ আলী বিশ্বাসের কবরেও যান। সেখানে নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন এবং তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করেন।
জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল ইসলাম তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক ইমদাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল মামুন বাবলু, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল সরদার, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুজ্জামান মির্জা, যুবদল নেতা মোঃ জনি হায়দার, মোঃ লাফু মোড়ল, মফিজুর রহমান পিন্টু সহ অসংখ্য নেতাকর্মী।
এসময় নেতৃবৃন্দ বলেন, “বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শুধু শার্শা বা যশোরের নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তাঁর সাহসিকতা এবং আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।” সাবেক নেতা আলহাজ্ব সৈয়দ আলী বিশ্বাসের স্মৃতিচারণ করে তারা আরও বলেন, “তিনি ছিলেন ডিহি ইউনিয়ন বিএনপির প্রাণভোমরা, তৃণমূলের নেতা, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন, যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক বলেন, “আজ আমরা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং আমাদের দলের মরহুম সৈয়দ আলী বিশ্বাসের কবর জিয়ারত করে তাঁদের আত্মার শান্তি কামনা করেছি। তাঁদের আদর্শ ও ত্যাগ আমাদের রাজনৈতিক সংগ্রামে শক্তি জোগাবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “বর্তমান রাজনৈতিক সঙ্কটে শহীদদের আত্মত্যাগ ও প্রবীণ নেতাদের অবদানকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তবেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”





















