যশোর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা জব্দ
- আপডেট: ০৮:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ৯১

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিদেশি মদ, ফেন্সিডিল, গাঁজা ও থ্রি-পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পাঁচপীরতলা, ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং অভিযানিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে চলমান অভিযান সফলভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তা ধ্বংস করা হবে।




















