যশোরে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় সাড়ে ৫ কেজির ৩৬পিস স্বর্ণেরবারসহ ৩ চোরাকারবারি আটক
- আপডেট: ০২:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ৮০

নিজস্ব প্রতিবেদক: যশোরে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকালে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা কোতোয়ালী থানার কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মোট ৫ কেজি ৩৩৪ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণের বার জব্দ করেন।
বিজিবি জানায়, আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা (৭ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ২৩৮ টাকা)।
প্রথম অভিযানে কোদালিয়া বাজার এলাকা থেকে আটক হন আশরাফুল ইসলাম সাজিদ (২৩)। তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ২টি স্বর্ণের বার, যার ওজন ৪৩৪ গ্রাম। তিনি মানিকগঞ্জের সিংগাইর থানার আংগারিয়া গ্রামের বাসিন্দা। সকাল ৬টার দিকে এই অভিযান চালানো হয়।
এরপর দ্বিতীয় অভিযানে সকাল সাড়ে ৯টায় তারাগঞ্জ বাজার এলাকা থেকে আটক করা হয় আরও দুই চোরাকারবারিকে—মো. জাহিদ হোসেন (২৬) ও সুজন কুমার বাপ্পি (৩৪)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৩৪টি স্বর্ণের বার। জাহিদ যশোর শহরের বারান্দিপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে এবং সুজন ঝিকরগাছা থানার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটককৃতদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন (মূল্য: ৬৪ হাজার টাকা), নগদ ৩৫,৩২০ টাকা ও ভারতীয় ৪০ রুপি (৫০ টাকা) জব্দ করা হয়েছে। চোরাকারবারিরা স্বর্ণগুলো ঢাকা থেকে সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।
তারা আরও জানায়, এসব স্বর্ণ ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ীর কয়েকজন সিন্ডিকেটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।
লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “চোরাচালান রোধে সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। দেশবিরোধী কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ অভিযান আরও জোরদার হবে।”
আটককৃতদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যথাযথ প্রক্রিয়ায় যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।




















