ঝিকরগাছায় ঐতিহাসিক ৩৬ জুলাই উপলক্ষে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ
- আপডেট: ১১:০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ১৭৬

সাব্বির হোসেন, ঝিকরগাছা (যশোর): ঝিকরগাছায় ঐতিহাসিক ৩৬ জুলাই উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
বৃষ্টির মধ্যেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর এলাকার কপোতাক্ষ ব্রিজ সংলগ্ন স্থানে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন,
“৩৬ জুলাই হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে একটি প্রতীকী দিন। শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এই দিনে বিজয় এসেছিল। আজও সেই চেতনা ধারণ করে আমাদের আন্দোলনকে আরও বেগবান করতে হবে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই, যেখানে জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে।”
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল প্রমুখ।
বক্তব্য দেন যশোর জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুর্তজা ইলাহী টিপু, সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, সাবেক পৌর কমিশনার গোলাম কাদের বাবলু, আশফাকুজ্জামান খাঁন রনি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, নেতা সরদার শহিদুল ইসলাম বুদো, মো. শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “৩৬ জুলাইয়ের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। গণতন্ত্র রক্ষার আন্দোলনে যুব সমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
র্যালি ও সমাবেশকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক ছিল ব্যানার, ফেস্টুন, পোস্টারে সজ্জিত। চারপাশ মুখর ছিল দলীয় স্লোগানে। পুরো আয়োজনজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পুলিশ প্রশাসন ছিল সতর্ক অবস্থানে।






















