জুনে যশোর সীমান্তে বিজিবি’র ৭ কোটি টাকার রেকর্ড জব্দ: স্বর্ণ-মাদকসহ ধরা ১২ চোরাকারবারি
- আপডেট: ০৭:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ১০৩

নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৭ কোটি ২৫ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণ, মাদক ও ভারতীয় বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জুন মাসজুড়ে পরিচালিত এসব অভিযানে ১২ জন চোরাচালানকারীকেও আটক করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন যশোর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, আন্দুলিয়া, ধান্যখোলা, কাশিপুর, পাঁচপীরতলা, শাহজাদপুর, মাসিলা, রঘুনাথপুর ও ঘিবা বিওপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য ও আসামি আটক করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে — স্বর্ণের বার, ভারতীয় ফেনসিডিল, গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেট, বিদেশী মদ, ভারতীয় শাড়ি, কম্বল, থ্রী-পিস, থান কাপড়, পোশাক সামগ্রী, বিভিন্ন ধরনের চকলেট, খাদ্যসামগ্রী ও কসমেটিক্স।
সব মিলিয়ে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৭,২৫,৬৬,৬৮৪ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “চোরাচালান দমনে আমরা দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আলোকে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। সীমান্তের প্রতিটি ইঞ্চি আমাদের নজরে রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে কোন ছাড় নেই।”
তিনি আরও জানান, আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং অন্যান্য চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় মানুষজন বলছেন, বিজিবির নিয়মিত অভিযানের কারণে এলাকায় চোরাচালান অনেকটা কমেছে। এতে তারা স্বস্তি পাচ্ছেন।





















