বেনাপোলে বিজিবি’র কঠোর তৎপরতা, মাদকসহ ৩০ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৮:১৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১১৭

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, খাদ্য সামগ্রী, চকলেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ জুন-২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির দেওয়া তথ্যমতে, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৯ হাজার ৭৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবির নিয়মিত অভিযানের ফলেই এসব পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।





















