যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৯:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / ১৩৪

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৯ জুন ২০২৫) যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল আন্দুলিয়া ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত মালামালের মধ্যে রয়েছে শাড়ি, কম্বল, কীটনাশক, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
আটককৃত ভারতীয় পণ্যসমূহ পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।





















