যশোর-বেনাপোল সড়কে আবারো গেল যুবকের প্রাণ
- আপডেট: ০৬:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ১৪২

নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার চারাতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শিহাব (২৫) নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক আব্দুর রহিম (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উভয়ের বাড়ি নড়াইল জেলা সদরে অবস্থিত।
প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান জানান, শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে যশোরগামী মোটরসাইকেলটি চারাতলা নামক স্থানে একটি পিকআপ ভ্যান ওভারটেক করতে গিয়ে বিপত্তিতে পড়ে। এ সময় বেনাপোলগামী একটি পরিবহন দেখে মোটরসাইকেল চালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, পিছনে বসে থাকা শিহাব মোটরসাইকেল থেকে সিটকে পড়ে পিকআপ ভ্যানের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেল চালক আব্দুর রহিম (৩২) গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাভারন হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো: রোকনুজ্জামান বিকেল ৫টায় জানিয়েছেন, নিহত শিহাবকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় নিহতের চাচাতো ভাই নুরে ইসলাম ঝিকরগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।





















