বেনাপোলে বিজিবি’র অভিযানেে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ, আটক-১
- আপডেট: ০৮:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ১৫৯

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এক বিশেষ অভিযানে ভারতীয় পণ্যসহ একজন পাচারকারীকে আটক করেছে।
বুধবার (২৬ জুন) ভোররাতে বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় টহলদল এ অভিযান চালায়। অভিযানে আটক করা হয় একজন পাচারকারীকে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, চকলেট, বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী ও কসমেটিকস পণ্য। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৫৩ হাজার ৫৪০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “বিজিবি দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সক্রিয়। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও পরিকল্পিত অভিযান পরিচালনার ফলে আমরা একের পর এক চোরাচালান রোধে সফল হচ্ছি।”
তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বিজিবি’র আভিযানিক তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত রুবিনা খাতুন (৪০) খুলনা জেলার কয়রা থানার ইসলামপুর গ্রামের রুস্তম মাতবর এর স্ত্রী। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।





















