যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ সাড়ে সাত লক্ষ টাকার অবৈধ মালামাল আটক
- আপডেট: ০৮:১৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ১৫৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
বুধবার (২৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল মাসিলা ও বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই মালামাল আটক করে।
অভিযানে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে। আটককৃত মালামালের মূল্য সাত লক্ষ একষট্টি হাজার একশত (৭,১৬১,১০০) টাকা।
এই প্রসঙ্গে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, বিজিবি দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্রের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্ত এলাকায় বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে বিজিবি মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, “বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে আমরা সক্রিয় ভূমিকা পালন করে যাব।”
আটককৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান চলতে থাকবে।
এদিকে, বিজিবির এই পদক্ষেপ সীমান্তে চোরাচালানী কার্যক্রম এবং মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে এক বড় ধরনের প্রতিরোধ হিসেবে গণ্য হচ্ছে।





















