বেনাপোলে বিজিবি’র অভিযানে বারো লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৮:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ১২৯

নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ জুন) ৪৯ বিজিবির একটি টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা শাড়ি, থ্রী-পিস, বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ২৮ হাজার ১০০ টাকা।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই পণ্যগুলো আটক করা হয়।”
তিনি আরও জানান, “জব্দকৃত ভারতীয় মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক ঠেকাতে নিয়মিত অভিযান চলবে।





















