রেলসেবা উন্নয়নে ৯ দফা দাবীতে যশোর নাগরিক অধিকার আন্দোলন এর স্মারকলিপি প্রদান
- আপডেট: ১০:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ১২৪

স্টাফ রিপোর্টার : যশোরের মানুষের জন্য রেলসেবা উন্নয়নের লক্ষ্যে যশোর নাগরিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে ৯ দফা দাবীতে রেলের মহাপরিচালকের হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার সময় রেলের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনের হাতে যশোর রেলস্টেশন মাস্টারের কক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।
পদ্মা পারের প্রায় ২কোটি মানুষকে রেল সেবার মধ্যে আনার জন্য বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে প্রতিদিন বিরতিহীন ভাবে অন্তত ৩জোড়া রেল চালু করা, বেনাপোল-ঢাকা রুটে লাগেজ ভ্যান চালু করা, যশোর এবং বেনাপোল স্টেশনকে আধুনিক মানে উন্নীত করাসহ মোট ৯টি দাবী স্মারকলিপিতে উল্লেখ করা হয়। স্মারকলিপি পাঠ করে শোনান নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু।
এসময় রেলের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন বলেন, আপনাদের দাবী গুলো অত্যান্ত যৌক্তিক। আমরা এগুলো দ্রুত বাস্তবায়ন করতে চেষ্টা করবো।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ বোরহানুস সুলতান, বাংলাদেশ ভারত যৌথ বাণিজ্য কমিটির সাবেক পরিচালক মোঃ মতিয়ার রহমান, আইনজীবী আব্দুল কায়েস, রাইটস যশোর এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, আহসান উল্লাহ ময়না, মোবাশ্বের হোসেন বাবু, জাহিদ গোলদার, ইউপি সদস্য লিপা খাতুন, কামরুল হাসান সহ আরও অনেকে।





















