বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা
- আপডেট: ১০:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ১৬৭

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ জুন) বিকাল ৪ টায় বেনাপোল পৌরসভার হলরুমে বেনাপোল পৌরসভার প্রশাসক কাজী নাজিব হাসান ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৭ টাকার বাজেট ঘোষণা করেন।
বেনাপোল পৌরসভার প্রশাসক কাজী নাজিব হাসানের সভাপতিত্বে ঘোষিত ২০২৫-২৬ অর্থ বছরের মূল বাজেট ধরা হয়েছে ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৭ টাকা এবং মোট বাজেট ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৯০৩ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১০কোটি টাকা। এছাড়া রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৯৬৩ টাকা ও রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৮ কোটি ১১ লাখ ১৪ হাজার টাকা।
উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা শওকত মেহেদী সেতু, শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, শার্শা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই গুলশান, কৃষি কর্মকর্তা দীপক কুমার শাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) নুর ইসলামসহ পৌরসভার সকল কর্মকর্তা।
সারাদেশে ৩২৯টি পৌরসভার মধ্যে নান্দনিক স্মার্ট পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাত, পৌর মার্কেট নির্মান, ড্রেন, বৈদ্যুতিক বাতি, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, মশা নিধন, শিক্ষা, স্যানিটেশন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং বেনাপোল বাসীর দীর্ঘ দিনের চাওয়া ৫০ শতক জমির উপর বেনাপোল পৌর হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ধরা হয়েছে।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থ বছরের ৪ই আগষ্ট বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দীন ১৪০ কোটি ১ লাখ ৭৮ হাজার ১১১ টাকার বাজেট ঘোষণা করেন। এবছর ২০২৫-২৬ অর্থবছরে গত বছরের থেকে ২৭ কোটি ৫২ লক্ষ টাকা বেশি বাজেট ঘোষণা করা হয়েছে।





















