বেনাপোলে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক
- আপডেট: ০৮:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১৮১

নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১২ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা মূল্যের মাদকদ্রব্য, ভারতীয় শাড়ি, কম্বল, থ্রি-পিস, কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে (৪৯ বিজিবি)।
শনিবার (৩১ মে) বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে জানান যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, থ্রি-পিস, চকলেট, জিরা, বিভিন্ন ধরনের ঔষধ ও কসমেটিকস সামগ্রী। এ সকল পণ্য পাচারের উদ্দেশ্যে সীমান্তে আনা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।
লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, “দীর্ঘদিন ধরে বিজিবি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজকের এই সফল অভিযান পরিচালিত হয়।”
বিজিবি সূত্রে আরও জানা গেছে, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ যশোর কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























