খুলনায় অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০; তল্লাশি ৪৬৮ যানবাহনে
- আপডেট: ০৩:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৬

রাসেল আহমেদ, খুলনা : খুলনায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী তৎপরতা জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান ও সড়কে চেকপোস্ট কার্যক্রম চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৬৮টি যানবাহনে তল্লাশি চালিয়ে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ট্রাফিক আইন অমান্য করায় একটি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং পাঁচটি যানবাহন আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) খুলনা জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের পাশাপাশি চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসব কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, সড়কে যানবাহনের চলাচল ও ট্রাফিক আইন প্রতিপালন নিশ্চিত করতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় মোট ৪৬৮টি যানবাহন পরীক্ষা করে ট্রাফিক আইন অমান্য করার ঘটনায় একটি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। পাশাপাশি পাঁচটি যানবাহন আটক করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও মাদক নির্মূলের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ তৎপরতা চলমান থাকবে।






















