বেনাপোলে বিজিবির অভিযানে শাড়ি-কম্বল-চাদরসহ ১১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৭:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২২ নভেম্বর-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯৫টি শাড়ি, ২০টি কম্বল, ১৬টি চাদর, ৫০০ গ্রাম জিরা, ১৫ প্যাকেট ফুচকা, ৭ কেজি কিসমিশ, ১ কেজি আমসত্ত্ব, ২৮ পিস চকলেট ও ৫৭৫টি কসমেটিকস সামগ্রী।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকা। পরে জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















