বেনাপোল বন্দরে নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদের প্রতিবাদ মিছিল
- আপডেট: ০৪:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ২৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে লাঠি মিছিল ও সমাবেশ করেছেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে বন্দর ও সীমান্ত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
রোববার (২২ নভেম্বর-২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে লাঠি মিছিলটি বের হয়।
মিছিলটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিটিএম ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ আলীসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু বলেন, “আপা আপা করিস না, আবার আসবেন না। বেনাপোল স্থলবন্দরে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, “এই স্থলবন্দর ব্যবহার করে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে রাজপথে তার জবাব দেওয়া হবে। স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না।”
তিনি আরও বলেন, সীমান্তঘেঁষা গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর দিয়ে যাতে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
সমাবেশে বক্তারা বেনাপোল স্থলবন্দর ও সীমান্ত এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় দুই শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।





















