মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিসে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
- আপডেট: ০৪:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সংবাদ সংগ্রহে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে মহেশপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. রুবেল হোসেন।
রোববার (২২ নভেম্বর) মহেশপুর থানায় দায়ের করা জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১৯ নভেম্বর মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী কাম ঝাড়ুদার মো. তরিকুলের বিরুদ্ধে সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেন তিনি।
জিডির অভিযোগে বলা হয়, রোববার দুপুর আনুমানিক ১টা ৪ মিনিটের দিকে মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে পুনরায় সংবাদ সংগ্রহ করতে গেলে অজ্ঞাতনামা পাঁচ ব্যক্তি তাঁর কাজে বাধা দেন। এ সময় তাঁকে হুমকি দিয়ে বলা হয়, ভবিষ্যতে কোনো ধরনের দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশের চেষ্টা করলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে।
জিডিতে ঘটনার সাক্ষী হিসেবে ইদ্রাকপুর গ্রামের মো. বাকল হোসেন (৪০) এবং খোশপাতলা গ্রামের মো. ওকুর আলীর (৬০) নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় অনেকেই ঘটনাটি জানেন ও শুনেছেন বলে জিডিতে উল্লেখ করেন অভিযোগকারী।
সাংবাদিক রুবেল হোসেন জিডিতে আরও উল্লেখ করেন, তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা জরুরি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান আলম জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। জিডি নম্বর-১১৫০, তারিখ ২২ নভেম্বর ২০২৬।
এ বিষয়ে সাংবাদিক রুবেল হোসেন বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি নিজের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগে যাঁদের বিরুদ্ধে হুমকি দেওয়ার কথা বলা হয়েছে, তাঁদের পরিচয় ও বক্তব্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ।





















