দাড়াস সাপ উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করলো চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন
- আপডেট: ০৯:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৫

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর মাঠের একটি বেগুন ক্ষেতে বন্যপ্রাণীর তছরুপ হতে ফসল সুরক্ষার জন্য পেতে রাখা ফাঁদ বা জালে আটক হয় বড় সাইজের একটি দাড়াস সাপ। পরে সেটি উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ নামের পরিবেশবাদী সংগঠন জানায়, মঙ্গলবার সকাল ১০টার সময় স্থানীয় কৃষক সজিব মাঠে গিয়ে তার পেতে রাখা জালে বড় একটি দাড়াস সাপ আটকে থাকতে দেখেন।
পরবর্তীতে তিনি পরিবেশবাদী সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান কে বিষয়টি অবহিত করেন।
অতঃপর সংগঠনটির সদস্যরা বিকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটিকে এসময় একটি উপযুক্ত স্থানে অবমুক্ত করা হয়।
সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন দাড়াস একটি নির্বিষ সাপ। কৃষকের অকৃত্রিম বন্ধু। মাঠের ফসল সুরক্ষায় ব্যপক ভূমিকা পালন করে আসছে। কিন্তু আমাদের মাঝে একটি অতি প্রচলিত প্রবনতা রয়েছে। সেটা হলো যে কোন সাপ দেখলে তাকে মারার প্রবনতা। বাংলাদেশে সবচেয়ে বেশী আছে নির্বিষ সাপ আবার সেগুলো অনাকাঙ্ক্ষিত ভাবে মেরে ফেলা হচ্ছে বেশী। আমাদের সংগঠন দীর্ঘ দিন বন্যপ্রাণী রক্ষায় কাজ করে যাচ্ছে। সাপ তার বাহিরে নয়। আমরা সাপ তথা বন্যপ্রাণী সংরক্ষণে কয়েকটি জেলা ব্যাপি প্রচারণা অব্যহত রাখছি।
আমরা বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থান সৃষ্টির লক্ষ্যে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। আশাকরি আমরা কোন বন্যপ্রাণী হারাবো না।
এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাসানুজ্জামান রিগান, সজীব, সুজন, জুবায়ের, পারভেজ, মোনাজাত আলী।





















