তেরখাদায় শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- আপডেট: ০২:৪৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২২

খুলনা অফিস: ঢাকঢোল, ধর্মীয় সঙ্গীত আর ভক্তদের উচ্ছ্বাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে খুলনার তেরখাদা উপজেলা সদরে।
শ্রী শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) আয়োজিত ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বর্ণাঢ্য এ আয়োজন ঘিরে উপজেলা সদরের প্রধান সড়কগুলো পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
শুক্রবার সকালে উপজেলা সদরের তেরখাদা সাহাপাড়া সার্বজনীন কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে সেখান থেকে বের করা হয় ধর্মীয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি আনন্দ-উচ্ছ্বাসে মুখর করে তোলেন পুরো এলাকা। বিভিন্ন বয়সী নারী-পুরুষের অংশগ্রহণে শোভাযাত্রায় সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা সভা ও ধর্মীয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তাহমিনা সুলতানা নীলা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মুক্তিযোদ্ধা সুনীল কুমার সাহা, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, বিএনপি নেতা সরদার আব্দুল মান্নান, ফেরদৌস মোল্লা,স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রদল নেতা রাজু চৌধুরী, শিবপ্রসাদ সরকার ও সুধাংশু কুমার বিশ্বাসসহ অনেকে।
আয়োজনে বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই তেরখাদা উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শান্তিপূর্ণভাবে ধর্মীয় শোভাযাত্রা সম্পন্ন হওয়ায় স্থানীয় ভক্তদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।





















