যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ মানিকগঞ্জের পাচারকারী আটক
- আপডেট: ০৬:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরে ৪৪ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট-২০২৬) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে যশোর কোতোয়ালী থানার যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
আটক আসামির নাম ময়ুর (৪২)। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে। বিজিবি জানিয়েছে, তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়ুর জানিয়েছেন, ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি।
বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা। এছাড়া ১০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজারমূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বার দুটি যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণসহ পাচারকারীদের আটকের লক্ষ্যে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে স্বর্ণ পাচারসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।





















