ভোটারদের দ্বারে দ্বারে যুবনেতা ইমদাদুল হক ইমদাদ, গণসংযোগে ব্যাপক সাড়া
- আপডেট: ১২:১৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৪

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগে সরব হয়ে উঠেছে বেনাপোলের পাড়া মহল্লা।
এরই ধারাবাহিকতায় যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন-ভাবনা সম্পর্কে মতামত নিচ্ছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ইমদাদুল হক ইমদাদ। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন তিনি।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি ভোটারদের প্রত্যাশা ও মতামত জানতে চাই। তাদের পরামর্শের ভিত্তিতেই একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব বেনাপোল পৌরসভা গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, বিএনপির দুঃসময়ে দলের নির্দেশনা অনুযায়ী রাজপথে সক্রিয় থাকায় হামলা, মামলা ও কারাভোগসহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন।
ইমদাদুল হক ইমদাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র ও স্থানীয় সরকার উন্নয়ন পরিকল্পনার আলোকে বেনাপোল পৌরসভাকে আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে কাজ করতে চান।
মেয়র নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের পাশাপাশি পৌর এলাকার সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি জরাজীর্ণ ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, সড়ক উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ, আধুনিক সড়কবাতি স্থাপন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ও শিক্ষা সেবার মানোন্নয়নে কাজ করার পরিকল্পনার কথা তুলে ধরেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ভবেরবেড় ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল (লাফু), আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান পিন্টু, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুজ্জামান সনি, সদস্য মহাসিন আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।























