বেনাপোল সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ফেইসওয়াশ ও এসকাফ সিরাপ জব্দ
- আপডেট: ০৪:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৪ আগস্ট-২০২৬) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন দৌলতপুর বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ভারতীয় পন্ডস ফেইসওয়াশ জব্দ করে।
জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৩ হাজার ৯৫৯ টাকা। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই দিন সকাল ৬টার দিকে ২১ বিজিবির অধীন পুটখালী বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০২ বোতল ভারতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















