শার্শায় ডিবির অভিযানে ২ বিদেশি পিস্তল ও ৪ ম্যাগাজিন-সহ আটক-২
- আপডেট: ০৬:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কথিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মো. রাসেল রানা (২৬) এবং তার সহযোগী মো. জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন,২০২৬) দুপুরে যশোর জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের বাসিন্দা মফিজুল ইসলামের ছেলে মো. রাসেল রানাকে তার টিনশেড বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল রানা তার শয়নকক্ষের বালিশের নিচে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি ৭ দশমিক ৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ডিবির দাবি, রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মো. জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাসেল রানা শার্শা থানার রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। অপরদিকে জিয়াউর রহমান ওরফে হাফিজুর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি ভিভো মোবাইল ফোন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















