ঢাকায় ৪৮ ঘণ্টায় ১৫২ চাঁদাবাজ গ্রেপ্তার
- আপডেট: ০৫:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে গত ৪৮ ঘণ্টায় ১৫২ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
মো. সরওয়ার বলেন, রাজধানী ঢাকার নাগরিকদের নিরাপত্তা,স্বস্তি এবং শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে গত ১মে থেকে ডিএমপির পুরো এলাকা জুড়ে চাঁদাবাজ,মাদক কারবারী,অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়ার চক্রের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে।
’প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী আইন শৃঙ্খলার উন্নয়ন এবং অপরাধ দমনের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চাঁদাবাজি, মাদক কারবারী, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়ারী সহ অপরাধ নিয়ন্ত্রণ নিমিত্ত একটি সমন্বিত নিরাপত্তা কৌশল গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই, অপরাধ চক্রের মূল উৎপাটন করে নাগরিক জীবনের স্বস্তি ফিরিয়ে আনা এবং ঢাকা মহানগরকে আরো নিরাপদ নগরীতে পরিণত করা। চিহ্নিত অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান এবং আকশ্মিক ব্লক রেড পরিচালনা, ক্ষেত্রবিশেষে চেকপোস্ট এবং গোয়েন্দার নজরদারী ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে। সন্দেহভাজন আসামীদের তাৎক্ষণিক যাচাই বাচাই করে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। যারা বড় অপরাধী তাদেরকে নরমাল প্রসিডিউর অনুযায়ী মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।
এছাড়াও, ডিবি, সিসিটিসির সাদা পোশাকের সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধীদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। অনলাইন জুয়া প্রতারণা এবং সংগ্রহিত অপরাধে প্রযুক্তিভিত্তিক তদন্ত জোরদার করা হয়েছে।

















