ঝিকরগাছায় যৌন নিপিড়নের শিকার শিশুকে সারারাত থানায় বসিয়ে রাখার অভিযোগ
- আপডেট: ০৪:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ৯

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় যৌন নিপিড়নের শিকার এক শিশুকে তার বাবা-মা’ সহ সারারাত থানায় বসিয়ে রাখার অভিযোগ পাওয়া গিয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলেবটতলার শান্তিনগর এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের এক শিশুর উপর যৌন নিপীড়ন হবুল্লাহ (৬০) নামের এক ব্যক্তি। এই ঘটনায় পুলিশ রাতেই অভিযুক্ত হবুল্লাহ এবং ভুক্তভোগী পরিবারকে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, শুক্রবার স্কুল বন্ধ থাকায় তাঁর মেয়ে কপোতাক্ষ নদে গোসল করতে গিয়েছিল। সে সময় সম্পর্কে বড় চাচা হবুল্লাহ মেয়েটিকে জোরপূর্বক শ্যাম্পু মাখানোর কথা বলে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে এবং যৌন নিপীড়ন চালায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যার পরে স্থানীয় জনগণ একত্রিত হয়ে হবুল্লাহ কে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পক্ষ বিশেষ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালায়। তবে স্থানীয় সাধারণ জনগণের দাবির প্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে তাদের হেফাজতে নেয়।
ভুক্তভোগী পরিবার জানায়, পুলিশ তাদেরকে রাত আড়াইটায় থানায় নিয়ে আসে এবং একটি বদ্ধ কক্ষে পরেরদিন বেলা ১১টা পর্যন্ত বসিয়ে রাখে। সারারাত থানায় তাদেরকে এক মুহুর্তের জন্য শুতে দেওয়া হয়নি, কিছু খেতেও দেওয়া হয়নি। বাচ্চাটি এই ঘটনায় প্রচুর আতংকিত হয়ে পড়েছে। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে একটি লিখিত কাগজে স্বাক্ষর নিয়ে পুলিশ তাদেরকে বাড়ি চলে যেতে বলে।
এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, কেনো তাদেরকে সারারাত থানায় বসিয়ে রাখা হয়েছে এটা আমি আপনাকে বোঝাতে পারবোনা।
এদিকে ভুক্তভোগী পরিবারের সাথে পুলিশের এধরণের অপেশাদার আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকায় সচেতন মহল।





















