সাতক্ষীরায় র্যাবের অভিযানে ১,৫৬৬ বোতল ফেন্সিডিলসহ আটক-২
- আপডেট: ০৫:১৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, বুধবার (২৯ এপ্রিল-২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দেবহাটা থানার সুশীলগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ মাদকসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন—মোঃ ইয়াকুব খান (২৯) ও মোঃ নাজিম উদ্দীন (৪১)। তারা উভয়েই সুশীলগাতি এলাকার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে ১,৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যা অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদকসহ তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে র্যাব অটল রয়েছে। অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দেবহাটা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। ফলে র্যাবের এমন অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।





















