ট্রাম্পের হুমকির পর বিশ্ব বাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়ালো
- আপডেট: ০৪:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ৭

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর বৈশ্বিক বাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে উঠে গেছে।
আজ সোমবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১.৬ শতাংশ বেড়ে ১১০.৮৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১২.৪০ ডলারে পৌঁছায়।
এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না করে, তাহলে দেশটির অবকাঠামোর ওপর হামলা চালানো হবে। তার এই বক্তব্যের পরই জ্বালানি বাজারে অস্থিরতা আরও বেড়ে যায়।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানও পাল্টা হুমকি দিয়ে আসছে। দেশটি জানিয়েছে, প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর হামলা চালানো হতে পারে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে তেল ও গ্যাস পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে ওপেক মে মাসে উৎপাদন সামান্য বাড়ানোর সিদ্ধান্ত নিলেও চলমান সংঘাতের কারণে তা পুরোপুরি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, তাদের বেসামরিক অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থের ওপর আরও আঘাত হানা হবে।
উত্তেজনা অব্যাহত থাকায় জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট বিশ্লেষকদের আশঙ্কা।
























