বেনাপোলে বিজিবির অভিযানে উচ্চ বিস্ফোরক উপাদানসহ চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ০৬:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৪৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালান পণ্য ও বিস্ফোরক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বেনাপোলের বড়আঁচড়া গ্রাম থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে ভারতীয় ১ দশমিক ৪ কেজি পটাশ (উচ্চ বিস্ফোরক দ্রব্য) এবং ১ দশমিক ৪ কেজি মনশাল পাউডার (ফেরিক সাবসালফেট সল্যুশন)।
এছাড়া বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ৭৩টি শাড়ি, ৬ কেজি জিরা, ৩ দশমিক ৫ কেজি কিশমিশ, ১৭টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ১৩ হাজার ৯২৯টি চকলেট এবং ১ হাজার ৯৫টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ২৮ হাজার ৭৯০ টাকা।
বিজিবি জানায়, আটককৃত বিস্ফোরক উপাদান মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান জোরদার করায় মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















