বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত
- আপডেট: ১২:১৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্পন্ন হয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন।
রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে ঢাকা ও অন্যান্য কয়েকটি বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেও প্রকৃত নির্বাচনী লড়াই জমে ওঠে খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকার ক্লাব ক্যাটাগরিতে। খুলনা বিভাগের হেভিওয়েট ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিপুল সমর্থন নিয়ে বিসিবির নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হয়েছেন যশোরের সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং দৈনিক লোকসমাজ পত্রিকার প্রশাসক শান্তনু ইসলাম সুমিত।
বিসিবি নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো নিয়ে গঠিত ক্যাটাগরি-১-এর ১০ পরিচালক পদের মধ্যে সাতজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে খুলনা বিভাগের দুটি পরিচালক পদের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে বিজয়ী হন শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন। অপর প্রার্থী পরাজিত হন। অন্যদিকে বরিশাল বিভাগের একমাত্র পরিচালক পদে মুন্তাসির আলমকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।
দীর্ঘদিন পর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে যশোর থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে। জেলার ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ বিজয়কে যশোরের ক্রীড়াঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
নবনির্বাচিত পরিচালক শান্তনু ইসলাম সুমিত দেশের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক ও সমাজসেবামূলক পরিবারের সন্তান। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। পাশাপাশি দক্ষিণাঞ্চলের জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
তার বিজয়ের খবর যশোরে পৌঁছানোর পর থেকেই স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়রা অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, বিসিবির নীতিনির্ধারণী পর্যায়ে তার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রিকেট উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, শান্তনু ইসলাম সুমিতের মতো তরুণ ও মাঠপর্যায়ের অভিজ্ঞ সংগঠক বিসিবিতে যুক্ত হওয়ায় যশোরের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ, বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রম সম্প্রসারণ এবং আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি হতে পারে।
তাদের প্রত্যাশা, জাতীয় পর্যায়ে এই প্রতিনিধিত্বের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রিকেট সম্ভাবনা আরও বিকশিত হবে এবং জাতীয় ক্রিকেটে এ অঞ্চলের অবদান নতুন মাত্রা পাবে।
























