যশোর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে ইয়াবা-গাঁজাসহ অর্ধকোটি টাকার অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ১১:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার(৩১ মার্চ-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩,৯৭৩ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা সহ দুই জন আসামী, ১৪২টি শাড়ী, ৩ কেজি জিরা, ২টি মোবাইল, ৬ কেজি কিসমিস, ৫,৭২৯টি খাদ্য সামগ্রী, ১২০১২টি চকলেট, ৬,৬৫৭টি কসমেটিক্স সামগ্রী এবং নগদ ৯,৬১০/- টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মোট মূল্য ৫৩,৮৪,৩১০/- (তিপ্পান্ন লক্ষ চুরাশি হাজার তিনশ দশ) টাকা।
আটককৃত আসামিদের মধ্যে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩) এবং ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমানের ছেলে মিলন বাদশা (৪০)।
আটককৃতদের সঙ্গে জব্দকৃত মাদকদ্রব্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, অন্যান্য চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, “দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় আমাদের বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে বিজিবি মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।”





















