যশোর সীমান্তে বিজিবির অভিযানে বাগদা পোনা ও বিভিন্ন চোরাচালান পণ্য আটক
- আপডেট: ০৯:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবৈধ চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন মাসিলা বিওপি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ১২ ব্যাগ বাগদা চিংড়ির পোনা জব্দ করা হয়। একইদিনে আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ৫টি শাড়ি ও ১১টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১৩ হাজার ৪৫০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাগদা চিংড়ির পোনা যশোর কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, “এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
























