বেনাপোলের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ইউএনওর সহযোগিতা কামনা
- আপডেট: ১১:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ৭

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বেনাপোল পৌরসভার প্রশাসক ফজলে ওয়াহিদ–কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১৬ মার্চ-২০২৬) দুপুরে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়-এ অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
এ সময় বেনাপোল এলাকার ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা বেনাপোল-এ তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকাশ অত্যন্ত জরুরি। এজন্য নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ইউএনও ফজলে ওয়াহিদ বেনাপোলের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, তরুণ সমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া সংগঠনগুলো উদ্যোগ নিলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে বেনাপোল ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল ক্রীড়া সংস্থার নবনির্বাচিত আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু। এছাড়া অন্যদের মধ্যে আজিজুল হক, বাসেদ মল্লিক, সাঈদুর রহমান, বদরুজ্জামান বনি, ইশতিয়াক আহমেদ শাওন ও শাহিনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




















