টাইব্রেকারের রোমাঞ্চে বান্দরবানের জয়, খাগড়াছড়িতে উৎসবমুখর প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
- আপডেট: ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। মঙ্গলবার বিকেলে জেলা সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ম্যাচটি ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা।
ম্যাচে অংশ নেয় খাগড়াছড়ি ফুটবল একাডেমি ও বান্দরবান ইয়ং স্টার ফুটবল একাডেমি। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। নির্ধারিত সময়ের খেলায় দুই দলই ১-১ গোলে সমতায় থাকে, ফলে ম্যাচের ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৬-৪ গোলে জয় নিশ্চিত করে বান্দরবান ইয়ং স্টার ফুটবল একাডেমি। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। অপরদিকে খাগড়াছড়ি ফুটবল একাডেমি দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত রানারআপ হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি রেভিলিয়াম রোয়াজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ। তিনি বক্তব্যে বলেন, নারীদের ফুটবল চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্নেজী চাকমা এবং জেলা প্রমিলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা। তারা খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, পাহাড়ে নারী ফুটবলের সম্ভাবনা উজ্জ্বল, প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা।
মাঠজুড়ে দর্শকদের করতালি, উল্লাস আর উৎসাহে পুরো আয়োজনটি রূপ নেয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হবে, যাতে জেলার নারী ফুটবলাররা নিজেদের দক্ষতা আরও বিকশিত করতে পারেন।
খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে এ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ নতুন উদ্দীপনা যোগ করেছে বলে মনে করছেন।





















