অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে যশোরে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন
- আপডেট: ১১:২০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৩৫

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টার দিকে তিনি সরেজমিনে এসব ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, ভৌত অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মো. রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) মো. ইমদাদুল হক, অভয়নগর ও মনিরামপুর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
পুলিশ সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যশোর জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নিয়মিতভাবে মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম চলমান থাকবে।

















