বেনাপোলে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ধানের বীজ আটক
- আপডেট: ১১:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৪৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন–৪৯ বিজিবির বিশেষ টহলদল বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি–পিস, শাল চাদর, কম্বল, ধানের বীজ ও কসমেটিকস জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি বিশেষ নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি চোরাচালানী মালামাল ও পাচারচক্রকে আটক করতে সক্ষম হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক করা সকল পণ্য আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















