সীমান্তে বিজিবি’র অভিযান: কীটনাশক–শাড়ি–কসমেটিকসসহ চোরাচালানি মালামাল জব্দ
- আপডেট: ১০:১৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৪৭

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযানে ভারতীয় কীটনাশক, শাড়ী ও কসমেটিক সামগ্রীসহ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি টহল দল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক লাখ ১৬ হাজার ২০০ টাকা।
বিজিবি জানিয়েছে, সম্প্রতি সীমান্তজুড়ে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিশেষ নজরদারি ও অভিযানের অংশ হিসেবে এ তৎপরতা চালানো হচ্ছে।
অভিযানের বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলেন, “দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল রোধে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে মাদকসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।”
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, জব্দ করা শাড়ি, কসমেটিকস ও কীটনাশকসহ সকল মালামাল আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।




















